দেশীয় ফলের রঙে রঙিন টিসিজেএ’র ফল উৎসব


দেশীয় ফলের সঙ্গে নতুন প্রজন্মের পরিচিতি বাড়ানো এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বানে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের ‘ফল উৎসব-২০২৬’।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ উৎসব যেন রূপ নেয় দেশীয় ফলের এক প্রাণবন্ত মিলনমেলায়। নানা রং, গন্ধ ও স্বাদের ফলের সমারোহে উৎসবস্থলে তৈরি হয় আনন্দঘন পরিবেশ।

সংগঠনের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুনের সঞ্চালনায় ফল উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী অমল কান্তি দাস ও তন্ময় দাস। এছাড়া বিভিন্ন গণমাধ্যম, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা দেশীয় ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্যগত উপকারিতা এবং স্থানীয় পর্যায়ে ফল চাষ সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দেশীয় ফল শুধু স্বাদে অনন্য নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে সুস্থ জীবনযাপনে দেশীয় ফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচিত করা এবং তাদের খাদ্যাভ্যাসে এসব ফল যুক্ত করতে এমন আয়োজন সময়োপযোগী ও প্রশংসনীয়।

বক্তারা আরও বলেন, দেশীয় ফলের প্রতি মানুষের আগ্রহ বাড়লে একদিকে যেমন পুষ্টি সচেতনতা তৈরি হবে, অন্যদিকে স্থানীয় ফলচাষিরাও উৎসাহিত হবেন। ফলে দেশীয় ফলের উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

পরে অতিথিরা বিভিন্ন প্রজাতির দেশীয় ফলের প্রদর্শনী পরিদর্শন করেন এবং আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন। উৎসবে গণমাধ্যমকর্মী, তাদের পরিবার এবং আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।

আয়োজকরা জানান, দেশীয় ফলের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি, নতুন প্রজন্মের মধ্যে ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলা এবং পুষ্টি সচেতনতা ছড়িয়ে দিতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে টিসিজেএ’র সহ-সভাপতি সনজীব দে বাবু, সহ-সম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক পারভেজ রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিম উদ্দিন এবং নির্বাহী সদস্য রবিউল হোসেন টিপু, জহিরুল ইসলাম ও নাজিম উদ্দিনসহ টিসিজেএ’র সকল সদস্য উপস্থিত ছিলেন।