পটিয়ায় আইনশৃঙ্খলার অবনতি নিয়ে উদ্বেগ, শঙ্কায় স্থানীয়রা

চট্টগ্রামের পটিয়ায় এক এলাকায় দুই মাসের ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দরখীল এলাকায় দুই মাসের ব্যবধানে ব্যবসায়ী আবুল কাশেম ও শিশু মো. জায়হান হত্যার ঘটনা ঘটে।

সর্বশেষ শিশু মো. জায়হান হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করতে সক্ষম হলেও ব্যবসায়ী আবুল কাশেম হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ ইকবালকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ নিয়ে উদ্বেগ ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন নিহত ব্যবসায়ী আবুল কাশেমের স্বজনরা।

এ ছাড়া গত তিন মাসে পটিয়ায় খুন, ছিনতাই, চুরি, ডাকাতি, মাদক ব্যবসা ও অপহরণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

অল্প সময়ের ব্যবধানে একাধিক হত্যাকাণ্ড, প্রকাশ্যে কুপিয়ে জখম, সাংবাদিকের ওপর হামলা, মাজারের দানবাক্স চুরি এবং ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, একের পর এক এসব ঘটনায় পটিয়াজুড়ে চাপা আতঙ্ক বিরাজ করছে। অনেকেই নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

তাঁদের অভিযোগ, অপরাধ দমনে পুলিশের টহল ও নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

দক্ষিণ গোবিন্দরখীল এলাকায় নিহত ব্যবসায়ী আবুল কাশেমের মেয়ের জামাতা মোহাম্মদ হাবিবুল্লাহ জানান, ঘটনার দুই মাস পেরিয়ে গেলেও প্রধান আসামি মোহাম্মদ ইকবালকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন এবং এলাকার মানুষও শঙ্কিত।

চলতি মাসে ঘটে যাওয়া অপরাধ

চলতি মাসের শুরুতে, ২ জুন উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ঠেগরপুনি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এখনো পর্যন্ত ওই মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।

৬ জুন জিরি ইউনিয়নের দক্ষিণ সাইদাইর এলাকায় দেলোয়ার হোসেন রুবেল নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

বালুমহাল নিয়ে সংবাদ প্রকাশের জেরে ৯ জুন দুপুরে পটিয়া প্রেস ক্লাব থেকে দৈনিক যুগান্তরের প্রতিনিধি আবেদুজ্জামান আমিরীকে টেনেহিঁচড়ে বের করে পুলিশের উপস্থিতিতেই বহিরাগত সন্ত্রাসীরা মারধর ও হেনস্তা করে।

একই দিন রাতে কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন পঙ্কজ শীল (২৬)। এ ঘটনায় তিলক চক্রবর্তী নামে আরও একজন গুরুতর আহত হন।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ১৬ জুন পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দরখীল পূর্বপাড়া থেকে পাঁচ বছরের শিশু মো. জায়হান নিখোঁজ হয়। নিখোঁজের প্রায় ৩৬ ঘণ্টা পর বৃহস্পতিবার ভোরে তার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হলে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।

একই দিনে কুসুমপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রবাসী সিরাজুল ইসলামের (৫৫) মৃত্যুর ঘটনায় তাঁর দ্বিতীয় স্ত্রী ববি আক্তারকে আটক করে পুলিশ। নিহত সিরাজুল ইসলামের পরিবারের দাবি, সম্পত্তিগত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

অন্যদিকে, সম্প্রতি পটিয়া পৌরসদরের পোস্ট অফিস এলাকার মকবুল শাহ (রহ.) মাজারের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনাও স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

সর্বশেষ বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার গৈড়লা এলাকায় ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে এক ভিডিওগ্রাফারসহ দুই যুবককে গুরুতর আহত করে। পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে আলোচিত পঙ্কজ শীল ও শিশু মো. জায়হান হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ।

গত দুই মাসের আলোচিত ঘটনাগুলো

১৪ এপ্রিল কেলিশহর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রবাসী আবছারের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনায় প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট হলেও জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পরদিন ১৫ এপ্রিল পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দরখীল এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। তবে এ মামলার প্রধান আসামি মো. ইকবাল এখনো গ্রেপ্তার হয়নি।

২৩ এপ্রিল উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মনসা এলাকায় মুহাম্মদ নুরুল আলমের বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে চারটি গরু ও নগদ প্রায় চার লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাত দল। ঘটনার দুই দিন পর মামলা হলেও লুট হওয়া গরু ও টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।

২৫ এপ্রিল রাতে উপজেলার কেলিশহর ইউনিয়নের ছত্তরপেটুয়া এলাকায় জায়গা-জমি বিরোধের জেরে কৃষক আবদুল আলমের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি স্যালাইন হাতে থানা প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিচার দাবি করেন। পরে এ ঘটনায় পৃথক দুটি অভিযোগ দায়ের হয়।

১৫ মে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার গৈড়লার টেক এলাকায় এক লবণশ্রমিককে ছুরির মুখে জিম্মি করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ঘটনার পরদিন ধলঘাট এলাকা থেকে অভিযুক্ত মো. খোরশেদকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ।

২৪ মে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী যৌন নিপীড়নের শিকার হয়। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত শরিফুল ইসলাম আইয়ুবকে একই রাতে গ্রেপ্তার করে।

৩১ মে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে কোরবানির মাংস ফেরত দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় দুই সহোদরসহ তিনজন আহত হন। এ ঘটনায় পাল্টাপাল্টি দুটি অভিযোগ দায়ের করা হয়।

যা বলছেন সংশ্লিষ্টরা

পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম বলেন, অন্যান্য এলাকার তুলনায় পটিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো তুলনামূলক ভালো। সম্প্রতি সংঘটিত বেশির ভাগ ঘটনা পারিবারিক বা ব্যক্তিগত বিরোধকেন্দ্রিক। তবে অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে স্থানীয় সংসদ সদস্য এনামুল হক পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন।

দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) পটিয়ার সদস্য মো. আসাদুজ্জামান জানান, অপরাধ দমনে পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করতে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে। টহল জোরদারের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে কমিউনিটি পুলিশিং কার্যকর করা গেলে অপরাধ কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। আইনশৃঙ্খলার উন্নয়নে শিগগিরই কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা হবে।

ওসি জিয়াউল হক আরও জানান, ইতিমধ্যে পঙ্কজ শীল হত্যা মামলার প্রধান আসামি এবং শিশু মো. জায়হান হত্যা মামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।