
হাটহাজারীতে বোনের বিয়ের অনুষ্ঠানে এসে সড়ক দুর্ঘটনায় মো. সামির (১৩) নামের এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলের দিকে হাটহাজারী পৌরসভার ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টারের সামনে হাটহাজারী-রাউজান আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামির হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শায়েস্তা খাঁ পাড়া এলাকার প্রবাসী জসিমের ছেলে। সে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে সামির তার বড় বোনের বিয়ের অনুষ্ঠানে ওই কমিউনিটি সেন্টারে আসে। সেখান থেকে বের হয়ে বেলা আড়াইটার দিকে রাস্তা পার হওয়ার সময় শহরমুখী বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক সামিরকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক ট্রাক ও এর চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
রাউজান হাইওয়ে থানা-পুলিশ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
