নিখোঁজের ১০ দিন পর উদ্ধার কিশোরী, আটক এক যুবক


চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ জুন) রাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার গোভনীয়া এলাকা থেকে নবম শ্রেণির ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। একই সময় টুটুল রায় নামে এক যুবককে আটক করা হয়েছে।

সাতকানিয়া থানা সূত্রে জানা যায়, গত ৯ জুন সকাল ৯টার দিকে সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের তালগাঁও এলাকা থেকে ওই ছাত্রী নিখোঁজ হয়। পরে তার পরিবার বিষয়টি থানাকে অবহিত করে।

এর আগে গত ১৮ জুন ‘সাতকানিয়া-বাঁশখালীতে দুই কিশোরীকে ঘিরে অভিযোগ, তদন্তে পুলিশ’ শিরোনামে একুশে পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে ওই ছাত্রীর পরিবারের অভিযোগ, পূর্বে একবার তাকে উদ্ধার করার পর পুনরায় নিখোঁজ হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছিল।

পরিবারের দাবি, গত ৪ জুন স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রী নিখোঁজ হওয়ার পর ৬ জুন সাতকানিয়া থানা পুলিশ তাকে রাঙ্গুনিয়া উপজেলার কোদালা চা বাগান এলাকা থেকে উদ্ধার করে। পরে আবার ৯ জুন থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুল ইসলামের নেতৃত্বে একটি দল অনুসন্ধান শুরু করে। তদন্তের একপর্যায়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মিরসরাই উপজেলার গোভনীয়া এলাকার একটি বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। একই সময় টুটুল রায়কে আটক করা হয়।

উদ্ধার হওয়া স্কুলছাত্রী সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের বাসিন্দা।

আটক টুটুল রায় বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চা বাগান এলাকার বাসিন্দা জয়ন্ত রায়ের ছেলে।

সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুল ইসলাম বলেন, “স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করেছি এবং একজন যুবককে আটক করেছি। প্রাথমিক অনুসন্ধানে তারা বিয়ে করেনি এবং ধর্ম পরিবর্তনের কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

তিনি আরও বলেন, “উদ্ধার হওয়া কিশোরীর বক্তব্য, পরিবারের অভিযোগ এবং অন্যান্য তথ্য-প্রমাণ যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।