জোড়া হত্যা মামলার ক্লু মিলেছিল একদিনেই, পুরস্কৃত চট্টগ্রামের চার পুলিশ সদস্য


চট্টগ্রামের আনোয়ারায় আলোচিত মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন এবং ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তারের স্বীকৃতিস্বরূপ চার পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার বেলা ১১টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাদের হাতে সনদপত্র ও আর্থিক সম্মানী তুলে দেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্র জানায়, সাহসিকতা ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলের কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। চট্টগ্রামের ঘটনায় সম্মাননা পাওয়া চার সদস্য হলেন—চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল, উপপরিদর্শক (এসআই) মো. আবু সেলিম রেজা, আনোয়ারা থানার এসআই (নিঃ) শিমুল চন্দ্র দাস এবং কনস্টেবল রিমন।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৩ জুন আনোয়ারায় সংঘটিত মা-মেয়ে হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার পরপরই গোয়েন্দা তৎপরতা চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং ভুক্তভোগীদের লুণ্ঠিত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তারা জানান, শুরুতে কোনো সুস্পষ্ট সূত্র না থাকলেও দ্রুত তদন্তের মাধ্যমে মামলার রহস্য উদ্ঘাটন সম্ভব হয়। সেই সফলতার স্বীকৃতি হিসেবেই সংশ্লিষ্ট চার পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে।