অসুস্থতা ও মানসিক চাপে ছিলেন, ঝুলন্ত অবস্থায় মিলল মুক্তিযোদ্ধার মরদেহ


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিজ বাড়ির সিঁড়ির রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় জহুরুল আনোয়ার (৭৫) নামে এক মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ৯টার দিকে ফটিকছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হামজার টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জহুরুল আনোয়ার ওই এলাকার বাসিন্দা ও একজন বীর মুক্তিযোদ্ধা। পরিবারের সদস্যদের ধারণা, দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও মানসিক চাপের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জহুরুল আনোয়ারের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। তার দুই ছেলে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। তিনি দেশে স্ত্রী, এক ছেলে ও পুত্রবধূদের সঙ্গে বসবাস করতেন।

শনিবার সকালে তার স্ত্রী নাশতার জন্য ডাকতে গিয়ে ঘরে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সিঁড়ির রেলিংয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, “নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। এছাড়া জমিজমা-সংক্রান্ত একটি দেওয়ানি মামলা নিয়েও তিনি মানসিক চাপে ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।”

তিনি আরও বলেন, “পরিবারের তথ্য অনুযায়ী, তিনি এর আগেও দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। প্রাথমিক সুরতহালে ঘটনাস্থলে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”

ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় জহুরুল আনোয়ারের দাফন সম্পন্ন হয়।

দাফন অনুষ্ঠানে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।