ক্লিনিক নিয়ে সংবাদ: ফটিকছড়িতে সাংবাদিক লাঞ্ছিত, যুবদল নেতার বিরুদ্ধে জিডি


চট্টগ্রামের ফটিকছড়িতে একটি ক্লিনিক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক শাহনেওয়াজ নাজিমকে প্রকাশ্যে হত্যার হুমকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে যুবদল নেতা আহমেদ রশিদ চৌধুরীর বিরুদ্ধে।

এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ফটিকছড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক মানবকণ্ঠের ফটিকছড়ি প্রতিনিধি শাহনেওয়াজ নাজিম।

জানা যায়, ফটিকছড়িতে প্রসূতি মৃত্যুর ঘটনায় আলোচিত ও পরে বন্ধ হয়ে যাওয়া ‘ফটিকছড়ি সেবা ক্লিনিক অ্যান্ড ল্যাব ইন’ নিয়ে সম্প্রতি ‘দৈনিক ফটিকছড়ি সংবাদ’ নামের একটি ফেসবুক পেজে সংবাদ প্রকাশিত হয়। সাংবাদিক শাহনেওয়াজ নাজিমের অভিযোগ, ওই সংবাদ প্রকাশের পর থেকেই আহমেদ রশিদ চৌধুরী তাঁকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন।

শাহনেওয়াজ নাজিমের অভিযোগ, গত ১৯ জুন ফটিকছড়িতে বিএনপির একটি কর্মসূচি চলাকালে যুবদল নেতা আহমেদ রশিদ চৌধুরী তাঁকে প্রকাশ্যে হত্যার হুমকি দেন এবং কলার ধরে টানাহেঁচড়া করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। কর্মসূচির বাইরে এই ঘটনা ঘটে। এ সময় আহমেদ রশিদ চৌধুরীকে বারবার স্থানীয় সংসদ সদস্যের নাম ব্যবহার করতে শোনা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আহমেদ রশিদ চৌধুরী চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গালিগালাজ করে সাংবাদিক শাহনেওয়াজ নাজিমকে সংবাদটি মুছে ফেলতে বলছেন। অন্যথায় তাঁকে আছাড় মেরে ফেলার হুমকি দেন। একইসঙ্গে কার সাহসে তিনি ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছেন, তা নিয়েও আক্রমণাত্মক ও অকথ্য ভাষায় কথা বলতে শোনা যায়।

সাংবাদিক শাহনেওয়াজ নাজিম বলেন, তিনি জনস্বার্থে তথ্য-উপাত্ত যাচাই করে সংবাদ প্রকাশ করেছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের হুমকি অত্যন্ত উদ্বেগজনক। তিনি নিজের জীবনের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

এই ঘটনায় ফটিকছড়িতে কর্মরত সাংবাদিক নেতারা তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন। তাঁরা জানান, সংবাদ প্রকাশের কারণে হুমকি দেওয়া স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। শাহনেওয়াজ নাজিমসহ গণমাধ্যমকর্মীরা যাতে নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

অভিযোগের বিষয়ে যুবদল নেতা আহমেদ রশিদ চৌধুরী বলেন, শাহনেওয়াজ নাজিম সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন লেখা একটি ফেসবুক পেজে ছড়িয়ে দিয়ে প্রতিষ্ঠানের মান ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন। তবে পেশাগত কারণে তাঁকে হুমকি বা লাঞ্ছনার বিষয়টি আহমেদ রশিদ চৌধুরী অস্বীকার করেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান জানান, সাংবাদিক শাহনেওয়াজ নাজিমের অভিযোগের বিষয়টি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।