
চট্টগ্রামের কর্ণফুলী টানেলের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৫ থেকে ৩০ জুন পর্যন্ত রাতে যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করা হবে।
সোমবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত টানেলের একটি টিউব দিয়ে উভয়মুখী যান চলাচল পরিচালনা করা হবে। প্রয়োজন অনুযায়ী পতেঙ্গা থেকে আনোয়ারা অথবা আনোয়ারা থেকে পতেঙ্গা অভিমুখী টিউবে ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
রক্ষণাবেক্ষণকাজ চলাকালে যানবাহনের চাপের ওপর নির্ভর করে টানেলের উভয় প্রান্তে যাত্রী ও যানবাহনকে ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নিরাপদ ও কার্যকরভাবে রক্ষণাবেক্ষণকাজ সম্পন্ন করতে চালক ও যাত্রীদের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে সেতু কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাসুদ রানা শিকদারের স্বাক্ষর রয়েছে।
