
চাকরি পুনর্বহাল, ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পাঁচটি বেসরকারি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর স্মারকলিপি জমা দেয়।
আন্দোলনকারীদের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকে উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা-কর্মচারী চাকরি হারিয়েছেন। তাঁদের অভিযোগ, অনেক ক্ষেত্রে যথাযথ কারণ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে।
সকাল ১০টার দিকে শুরু হওয়া কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে তাঁরা নিউমার্কেট এলাকায় অবস্থান নেন।
তাঁদের দাবির মধ্যে রয়েছে—চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পূর্বের সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল, দক্ষ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পুনর্গঠন এবং ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করা।
এ ছাড়া ব্যাংকের কার্যক্রমে রাজনৈতিক প্রভাব বন্ধ, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান আন্দোলনকারীরা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন ছিল। কর্মসূচির কারণে যান চলাচলে উল্লেখযোগ্য কোনো বিঘ্ন ঘটেনি।
