
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) কনটেইনার ওঠানো-নামানোর একটি যন্ত্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
বন্দর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. মোনেম বিল্লাহ জানান, টার্মিনালে ব্যবহৃত একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনের ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
তিনি বলেন, বেলা সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের তাপে কাছাকাছি থাকা চারটি কনটেইনার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্দর সূত্র জানায়, অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলসংলগ্ন এলাকায় সাময়িকভাবে কনটেইনার ওঠানো-নামানোর কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে টার্মিনালের অন্যান্য অংশে কার্যক্রম স্বাভাবিক ছিল।
চট্টগ্রাম বন্দরের মুখপাত্র ও চিফ পারসোনাল অফিসার মো. নাসির উদ্দিন বলেন, আগুন লাগার পর বন্দর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে নৌবাহিনীর সদস্যরাও সহায়তায় যুক্ত হন।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় টার্মিনালের সামগ্রিক কার্যক্রমে বড় ধরনের কোনো প্রভাব পড়েনি এবং কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
