উল্টো পথে ইউ-টার্নের সময় বাসের ধাক্কা, নিহত অটোরিকশাচালক


চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে ইয়াসিন আরাফাত (১৯) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন আরাফাত উপজেলার পূর্ব সৈয়দপুর এলাকার কালা মিয়া বাড়ির বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট বাসের চালক আমির হোসেনকে (৩২) আটক করা হয়েছে। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা।

কুমিরা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, অটোরিকশাটি মহাসড়কের ঢাকামুখী লেনে একটি ইউ-টার্ন নেওয়ার চেষ্টা করছিল। এ সময় সেটি উল্টো পথে চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। একপর্যায়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।

সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চালক ইয়াসিন আরাফাতকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিরা হাইওয়ে পুলিশের পরিদর্শক নুরুল আবছার বলেন, দুর্ঘটনার পর বাসচালককে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক বাসচালককে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।