চট্টগ্রামে যুবককে নির্যাতনে হত্যার অভিযোগ, দুই আসামি কারাগারে


চট্টগ্রাম নগরের রেলওয়ে পাবলিক হাই স্কুলে চুরির অভিযোগে এক যুবককে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় চারজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সোমবার কোতোয়ালী থানায় নিহত মো. জয়নালের পরিবারের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়।

মামলার আসামিরা হলেন— স্কুলের দপ্তরি সমির দাশ, দারোয়ান মো. আজাদ, মালি জিগার দাশ এবং মো. জাফর।

পুলিশ জানায়, সমির দাশ ও মো. আজাদকে গ্রেপ্তারের পর চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, রোববার চুরির অভিযোগে জয়নালকে স্কুলের ভেতরে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্কুলের গেটের বাইরে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মামলার অভিযোগে বলা হয়েছে, জয়নালকে মারধর ও বৈদ্যুতিক শক দেওয়া হয়েছিল। তবে অভিযোগের বিষয়ে মামলার অন্য আসামিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মরদেহ উদ্ধারের সময় স্থানীয় কিছু মানুষ বিক্ষোভ করেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।