
জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ছয়জন নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। আসামিপক্ষের শুনানির জন্য আগামী ২৪ জুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তিনি ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানান।
পরে আসামিপক্ষের আইনজীবীরা অব্যাহতির আবেদন উপস্থাপনের জন্য সময় চাইলে ট্রাইব্যুনাল ২৪ জুন পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, মামলায় বর্তমানে পাঁচজন আসামি গ্রেপ্তার রয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি। তবে তার পক্ষে আইনজীবী উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আইন অনুযায়ী কোনো আসামি অসুস্থতার কারণে আদালতে উপস্থিত না থাকলেও নির্দিষ্ট পরিস্থিতিতে বিচারিক কার্যক্রম চলতে পারে।
মামলায় গ্রেপ্তার থাকা পাঁচ আসামি হলেন— ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ এবং দেবাশীষ পাল দেবু।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, আরও ১৭ আসামি পলাতক রয়েছেন।
এর আগে গত ৭ এপ্রিল ট্রাইব্যুনাল তিনটি অভিযোগে ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়। ৫ এপ্রিল প্রসিকিউশন মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করে।
অভিযোগপত্রে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত, মো. ফারুক, তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম এবং হৃদয় চন্দ্রকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
এছাড়া জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানা, আবদুল্লাহসহ শতাধিক ছাত্র-জনতাকে আহত করার অভিযোগও অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে অভিযোগগুলোর বিষয়ে আসামিদের বক্তব্য আদালতে উপস্থাপনের সুযোগ এখনো রয়েছে।
