আনোয়ারায় আর্থিক বিরোধে যুবক ছুরিকাহত


চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে এক যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার সদর এলাকার দীপু মনি কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

আহত মো. সোহেল (২২) উপজেলার চাতরী ইউনিয়নের রূদুরা গ্রামের শাহ আলমের ছেলে। ঘটনার পর অভিযুক্ত হিসেবে স্থানীয় যুবক গিয়াস উদ্দিনের নাম জানা গেছে। তিনি বর্তমানে পলাতক বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুরে দীপু মনি কমপ্লেক্সের সামনে সোহেল ও গিয়াস উদ্দিনের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোহেল ছুরিকাঘাতের শিকার হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, গুরুতর আহত অবস্থায় সোহেলকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, প্রাথমিকভাবে আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।