ফটিকছড়িতে ভারতীয় নাগরিক আটক


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার বিকেলে উপজেলার বাগানবাজার সীমান্তসংলগ্ন আঁধারমানিক এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে বিজিবি।

৪৩ বিজিবি রামগড় ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রামগড় ব্যাটালিয়নের আওতাধীন আঁধারমানিক বিওপির একটি টহলদল স্থানীয়দের সহায়তায় ওই ব্যক্তিকে আটক করে।

আটক ব্যক্তির নাম পুটন মল্ল (১৯)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম থানার রামেন্দ্রনগর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম বাদল মল্ল।

বিজিবির ভাষ্য, তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রামগড় ব্যাটালিয়ন জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য তাকে ভূজপুর থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি বলেছে, সীমান্ত নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।