পটিয়ায় আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের দাবি, ভিডিও ঘিরে তদন্তে পুলিশ


চট্টগ্রামের পটিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন বলে দাবি উঠেছে। এ সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ বলছে, ভিডিওগুলো পুরোনো কি না এবং পটিয়ার কিনা, তা যাচাই করা হচ্ছে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কর্ণফুলী নদীর চরাঞ্চলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী জড়ো হয়ে সংক্ষিপ্ত কর্মসূচি পালন করেন বলে দাবি করা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার সকাল ১১টার দিকে ৩০ থেকে ৪০ জনের একটি দল সেখানে অবস্থান নেয়। পরে ছবি ও ভিডিও ধারণ করে তারা স্থান ত্যাগ করে।

ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ কয়েকটি স্থানে অভিযান চালায়। তবে কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

এর আগে আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি ঘিরে পটিয়ায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়। সোমবার বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করেন। একই সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

মঙ্গলবার দুপুরে পটিয়া বিএনপি কার্যালয়ের সামনে থেকে যুবদলের উদ্যোগে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে যে ভিডিওগুলো ছড়িয়েছে, সেগুলো আগের কোনো সময়ের কি না এবং পটিয়ার কিনা, তা যাচাই করা হচ্ছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে এবং সন্দেহজনক কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে।”

ভিডিওগুলোর সময়, স্থান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।