
কক্সবাজারের চকরিয়া উপজেলার (নবগঠিত মাতামুহুরী উপজেলার) পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের পোকখালী রেড ক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল বিদ্যালয়ের অফিস ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের তালা ভেঙে ভেতরে ঢুকে মূল্যবান শিক্ষা উপকরণ ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম লুট করে নিয়ে গেছে।
সোমবার (২২ জুন) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে বিদ্যালয়ে চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক মো. মিনহাজ উদ্দিন।
প্রধান শিক্ষক মো. মিনহাজ উদ্দিন জানান, চোরের দল বিদ্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত ল্যাপটপ, প্রজেক্টর, সিসিটিভি ক্যামেরা, ইন্টারনেট রাউটার ও খেলার সরঞ্জামসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র ও মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে। মঙ্গলবার সকালে নির্ধারিত সময়ে বিদ্যালয়ে এসে তিনি চুরির ঘটনাটি দেখতে পান। পরে বিষয়টি তাৎক্ষণিক চকরিয়া উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করা হয়।
প্রধান শিক্ষক মো. মিনহাজ উদ্দিন আরও বলেন, চুরির এ ঘটনায় বিদ্যালয়ের প্রায় ৪ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে এ বিষয়ে চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হবে।
বিদ্যালয় কমিটির সাবেক সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু বলেন, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের চুরির ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এতে শুধু সরকারি সম্পদের ক্ষতি হয়নি, বরং উপকরণসমূহ চুরি হওয়ায় কোমলমতি শিক্ষার্থীদের আধুনিক শিক্ষাকার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও অভিভাবক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িত চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, বিদ্যালয়ে চুরির ঘটনায় অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে জড়িত চোর চক্রকে ধরতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
