পেকুয়ায় ডিজিএফআইয়ের ভুয়া পরিচয়ে প্রতারণার অভিযোগে নারী আটক


কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ভুয়া ডিজিএফআই পরিচয়ে প্রতারণা চেষ্টার অভিযোগে হাছিনা আক্তার (৪২) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) রাত ১১টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে হাছিনা আক্তারকে আটক করা হয়। আটক হাছিনা আক্তার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি পেকুয়া পৌরসভা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন বলে পুলিশ জানিয়েছে।

মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী ওই নারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ইউনুছ চৌধুরী জানান, হাছিনা আক্তার দীর্ঘদিন ধরে নিজেকে পেকুয়ায় কর্মরত ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তাঁকে বিভ্রান্ত করার চেষ্টা করে আসছিলেন।

সর্বশেষ মঙ্গলবারও একইভাবে হাছিনা আক্তার যোগাযোগ করে নানা তথ্য ও বিষয় নিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করলে ইউনুছ চৌধুরীর সন্দেহ হয়। পরে বিষয়টি পেকুয়া থানা-পুলিশকে জানানো হলে পুলিশের একটি দল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে হাছিনা আক্তারকে আটক করে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, আটক হাছিনা আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কী উদ্দেশ্যে ভুয়া পরিচয় ব্যবহার করছিলেন এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে হাছিনা আক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।