দীঘিনালায় আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার


খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানাধীন বাবুছড়া, মেরুং ও বোয়ালখালী বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহামদের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দীপায়ন বড়ুয়া (৪০), বাবুছড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন সেন (৪৫) এবং মেরুং উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, দীপায়ন বড়ুয়া, লিটন সেন ও আবুল কালাম ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি দীঘিনালা থানায় দায়ের করা একটি মামলার সন্দেহভাজন আসামি। দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৫০৬ ও ১১৪ ধারায় মামলাটি দায়ের করা হয়েছিল।

এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, গ্রেপ্তার তিন আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।