পতেঙ্গায় কয়লা ও সয়াবিন দানাসহ দুই চোরাকারবারি আটক


চট্টগ্রামের পতেঙ্গায় পাচারকালে এক টন কয়লা এবং ৩৫০ কেজি সরিষা ও সয়াবিন দানাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে পতেঙ্গা থানাধীন ১৪ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

বুধবার (২৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল সন্দেহভাজন দুটি কাঠের বোটে তল্লাশি চালায়। এ সময় প্রায় ২ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের চোরাইকৃত এসব মালামাল উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাচালানের কাজে ব্যবহৃত কাঠের বোট দুটি জব্দ করা হয় এবং এর সঙ্গে জড়িত দুই চোরাকারবারিকে আটক করে কোস্টগার্ড।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত আরও জানান, জব্দকৃত মালামাল, চোরাচালানে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে ইতিমধ্যে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।