এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময় রচনায় চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর


প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক বিস্ময় রচনায় যৌথ রূপকার হতে বাংলাদেশে তাদের মূল্যশৃঙ্খল সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন।

বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে আজ অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’-এ ব্যবসায়ী নেতা, শিল্পপতি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তাঁরা চীনা কোম্পানিগুলোকে তাদের মূল্যশৃঙ্খল বাংলাদেশে সম্প্রসারণের আহ্বান জানাচ্ছেন। ক্রমবর্ধমান বৃহৎ অভ্যন্তরীণ বাজারের সুবিধা গ্রহণের পাশাপাশি বৈশ্বিক বাজারে আরও কার্যকরভাবে সেবা দিতে চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশ সহায়তা করতে পারে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ চীনা বিনিয়োগকারীদের এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ের যৌথ রূপকার হওয়ার আমন্ত্রণ জানাচ্ছে। ইতিমধ্যে বহু চীনা বিনিয়োগকারী বাংলাদেশে সফলভাবে ব্যবসা পরিচালনা করছেন। তাঁরা বাংলাদেশের জনগণের কর্মক্ষমতা, সহনশীলতা এবং বিপুল সম্ভাবনার কথা তুলে ধরতে পারবেন। তাঁরা বলতে পারবেন যে বাংলাদেশ কাঙ্ক্ষিত ফলাফল দিতে সক্ষম।

তারেক রহমান উল্লেখ করেন, বাংলাদেশকে নতুন দৃষ্টিতে দেখার জন্য আরও বেশি চীনা কোম্পানির দেশটিতে আসা উচিত। তিনি বিনিয়োগকারীদের আশ্বস্ত করে বলেন, তাঁদের বিনিয়োগ যথাযথ মূল্যায়ন পাবে, উদ্বেগ ও প্রত্যাশার বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং আরও গতিশীল ও সেবাকেন্দ্রিক বিনিয়োগ পরিবেশের মাধ্যমে তাঁদের প্রবৃদ্ধিকে সহায়তা করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই ফোরাম থেকে সবাইকে একটি অভিন্ন প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে, যাতে এ অঞ্চলের সম্ভাবনাগুলোকে দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন এবং বাংলাদেশ ও চীনের পারস্পরিক সমৃদ্ধিতে রূপান্তর করা যায়।

ভাষণের শেষে তিনি চীনা বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশে আসুন, বাংলাদেশে বিনিয়োগ করুন। সমমর্যাদার অংশীদারিত্বের ভিত্তিতে আমরা একসঙ্গে সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করি।’