ফটিকছড়িতে ইয়াবা ও গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার


চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাজার এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) মধ্যরাতে পৌরসভার সানমুন ক্লাবসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আজম (৫০) ও তাঁর ছেলে ফাহিম (২১)। বর্তমানে তাঁরা বিবিরহাট এলাকার একটি বাসায় বসবাস করছিলেন।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক লেনদেনের অভিযোগে বাবা মোহাম্মদ আজম ও ছেলে ফাহিমকে আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে ৪৩টি ইয়াবা বড়ি (ট্যাবলেট) ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, উদ্ধার হওয়া মাদকের ঘটনায় গ্রেপ্তার বাবা মোহাম্মদ আজম ও ছেলে ফাহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এলাকায় এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।