
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আঞ্চলিক প্রকাশনা ‘মাসিক ফটিকছড়ি সংবাদ’-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, লেখক-পাঠক সম্মেলন, সম্মাননা এবং শিক্ষায় শ্রেষ্ঠদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলা পরিষদের শফিকুর নুর মাওলা (বীর প্রতীক) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক আহমদ আলী চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব এবং প্রধান আলোচক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেহ। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ ছপিউল্লাহ, অ্যাডভোকেট লিয়াকত আলী চৌধুরী, সমবায়ী অ্যাডভোকেট আবসার উদ্দিন হেলাল এবং পত্রিকাটির ভাইস চেয়ারম্যান মো. ইদ্রিস চৌধুরী।
অনুষ্ঠানে ফটিকছড়ি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক এন এম রহমত উল্লাহ, শিক্ষক নেতা নাছির উদ্দীন চৌধুরী ও তাপস চক্রবর্তী এবং হরিনাদীঘি মাদ্রাসার সুপার মাওলানা শামসুদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা পদকে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কাব শিক্ষক ও কর্মচারীদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে লেখক-পাঠক সম্মেলনে প্রভাষক এন এম রহমত উল্লাহ ও মাওলানা নিজাম উদ্দিনকে সেরা পাঠক, কামরুল হাসান চৌধুরী ও সঞ্জয় দেবনাথকে সেরা লেখক এবং ফটিকছড়ি সংবাদ-এর সাংবাদিক মীর আখতারুজ্জামান রুবেলকে সেরা সংবাদকর্মী হিসেবে পুরস্কৃত করা হয়। এ ছাড়া ফটিকছড়ি সংবাদ-এর ভাইস চেয়ারম্যান মো. ইদ্রিস চৌধুরী ও যুক্তরাষ্ট্রপ্রবাসী মো. শাহাদাত হোসেনকে আজীবন সদস্য সম্মাননা দেওয়া হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলার ছয়টি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়। তিনটি বিভাগে বিজয়ীদের পুরস্কার এবং অন্য অংশগ্রহণকারীদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন সম্পাদক ও প্রকাশক আহমদ আলী চৌধুরী। পরে অতিথিরা সংবর্ধিত ব্যক্তিদের সম্মাননা স্মারক তুলে দেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জে এম তাওহীদ হোসেন ও পল্লবী খাস্তগীর। অনুষ্ঠানে শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল একটি সজ্জিত রোভার স্কাউট দল।
