
কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অনুকূলে বরাদ্দের বিপরীতে চকরিয়ায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে উন্নয়ন সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চকরিয়া ও মাতামুহুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।
জানা যায়, সরকারের প্রণোদনা কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির (পার্বত্য চট্টগ্রাম এলাকা ব্যতীত) আওতায় চকরিয়া উপজেলা, পৌরসভা এবং মাতামুহুরী উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্রছাত্রীদের মাঝে উপবৃত্তির অর্থ ও বাইসাইকেল এবং নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
চকরিয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী আরিফ হোসেনের তত্ত্বাবধানে এ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজ, চকরিয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার, চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল কবির চৌধুরী এবং চকরিয়া পৌরসভা যুবদলের সহসভাপতি এম সোহেল মাহমুদ।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ উপকারভোগী নারী-পুরুষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
চকরিয়া এলজিইডির হিসাবরক্ষক উত্তম নন্দী জানান, এই বিতরণ কার্যক্রমের আওতায় মোট ৬০ জন শিক্ষার্থীকে নগদ তিন হাজার টাকা করে উপবৃত্তি, ৯ জন শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল এবং ৬ জন নারীকে উন্নয়ন সহায়তা হিসেবে সেলাই মেশিন দেওয়া হয়েছে।
