পটিয়ায় শিশু জায়হান হত্যার বিচার চেয়ে বাবা-মায়ের আকুতি, আসামি নিহা রিমান্ডে


চট্টগ্রামের পটিয়ায় আলোচিত শিশু জায়হান হত্যাকাণ্ডে জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তার বাবা মো. শাহজাহান, মা জোবাইদা বেগম ও স্বজনরা। বৃহস্পতিবার বিকেল ৩টায় পটিয়া থানার মোড় চত্বরে আয়োজিত মানববন্ধনে শিশু জায়হানের বাবা-মা তাঁদের একমাত্র সন্তান হত্যার বিচার দাবি করে বক্তব্য রাখেন।

মানববন্ধনে পটিয়া পৌরসদরের ৮ নম্বর ওয়ার্ডের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

প্রসঙ্গত, পটিয়া পৌরসদরের ৮ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকায় শিশু জায়হান নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা পর বাড়ির পেছন থেকে তার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে জায়হানের প্রতিবেশী সাদিয়া সুলতানা নিহা, মো. সাইফুদ্দীন ও শাহনুর আক্তারকে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদিয়া সুলতানা নিহা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে জায়হানের মা জোবাইদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আর যেন কোনো মাকে এভাবে সন্তান হারাতে না হয়। তাই তাঁর সন্তান জায়হান হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বাবা মো. শাহজাহানের কণ্ঠেও ছিল একই দাবি। তিনি বলেন, জায়হান হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করায় প্রশাসনকে ধন্যবাদ। তবে তাদের যেন কোনোভাবেই ছাড় দেওয়া না হয়।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফরিদ আহমদ, বিএনপি নেতা মফিজুর রহমান, নাজিম উদ্দীন, জমির উদ্দীন আজাদ এবং ছাত্রদল নেতা আলী হোসেন। বক্তারা বলেন, জায়হান হত্যার বিচার দ্রুত সম্পন্ন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এ ছাড়া মানববন্ধনে গোবিন্দারখীল এলাকায় নিহত ব্যবসায়ী আবুল কাশেম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের সহযোগিতা কামনা করা হয়। এর আগে গোবিন্দারখীল এলাকা থেকে শতাধিক নারী-পুরুষ মিছিল নিয়ে এসে মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন শেষে শিশু জায়হান হত্যার বিচার দাবিতে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন জায়হানের বাবা মো. শাহজাহান, মা জোবাইদা বেগম ও স্থানীয় এলাকাবাসী। এ সময় ইউএনও ফারহানুর রহমান তাঁদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এদিকে শিশু জায়হান হত্যাকাণ্ডে গ্রেপ্তার সাদিয়া সুলতানা নিহার তিন দিন এবং তাঁর বাবা মো. সাইফুদ্দীন ও মা শাহনুর আক্তারের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল হান্নানের আদালতে রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎস যশ চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত সাদিয়া সুলতানা নিহার তিন দিন এবং মো. সাইফুদ্দীন ও শাহনুর আক্তারের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।