
নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের মিরসরাই উপজেলা কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে শুরু হয়ে মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে মিরসরাই প্রেসক্লাব চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল।
উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন এবং সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর। এ সময় উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনা ১৭ বছর দেশকে কারাগারে পরিণত করে রেখেছিলেন। ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট দুপুরে তিনি প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান। বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের এভাবে পালিয়ে যাওয়ার নজির নেই।
বক্তারা আরও বলেন, যে নেত্রী জনগণের আন্দোলনের মুখে পালিয়ে যেতে পারেন, সেই নেত্রীর বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। এই পালিয়ে যাওয়া নেত্রীর নির্দেশে কোনো মাস্তান বাহিনী মিরসরাই তথা সারা বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করলে জিয়ার সৈনিকেরা ওই সন্ত্রাসী বাহিনীকে প্রতিহত করবেন বলে তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
