চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দম্পতির মৃত্যু


চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে নগরের মুরাদপুর কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন রাউজান উপজেলার ডাবুরা ইউনিয়নের তালুকদার বাড়ির মো. নাজিম উদ্দিন (৪৮) ও তাঁর স্ত্রী তাসলিমা আক্তার (৪০)।

তাঁদের উদ্ধারকারী শহিদুল ইসলাম জানান, মুরাদপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী দুজনকে গুরুতর আহত অবস্থায় পথচারীদের সহযোগিতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহত মো. নাজিম উদ্দিন ও তাসলিমা আক্তারের লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এন মোহাম্মদ কনভেনশন হলের সামনে একটি মোটরসাইকেলকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী গুরুতর আহত হন। পথচারীদের সহায়তায় তাঁদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে কি না এবং চালককে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে পুলিশ ঘটনাটির কারণ অনুসন্ধান করছে বলে ওসি মো. জাহেদুল ইসলাম জানিয়েছেন।