
ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ির তরুণ মোহাম্মদ আরিফ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আরিফ ফটিকছড়ি উপজেলার ভূজপুর কাজিরহাট এলাকার মৃত শফিউল আজমের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পাইন্দং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ পাইন্দং এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
বিষয়টি নিশ্চিত করে নিহত মোহাম্মদ আরিফের মামা মো. আজিজ জানান, ডাস্টবিনে বর্জ্য ফেলে ফেরার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোহাম্মদ আরিফের মৃত্যু হয় বলে তাঁরা জানতে পেরেছেন।
স্থানীয় প্রবাসী ও পরিবার সূত্রে জানা যায়, মোহাম্মদ আরিফ ওমানের একটি গ্রোসারি সুপারশপে বিক্রয়কর্মী হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও দোকান বন্ধ করার আগে বর্জ্য ফেলতে সড়ক পার হয়ে ডাস্টবিনে যান। বর্জ্য ফেলে ফেরার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে ওমান পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোহাম্মদ আরিফের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মোহাম্মদ আরিফের মরদেহ বাংলাদেশে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
