‘ছাত্রদলের কাজ ওসিকে ফুল দেওয়া নয়, অধিকার আদায় করা’


ফটিকছড়ি আসনের নির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে স্থান পাওয়া ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের নেতারা। শুক্রবার (২৬ জুন) বিকেলে এমপি সরোয়ার আলমগীরের গ্রামের বাসভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। এ সময় ছাত্রদলের নেতারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

ছাত্রদলের উদ্দেশে এমপি সরোয়ার আলমগীর বলেন, ছাত্রদলের কর্মীকে হতে হবে বিনয়ী ও সুশিক্ষিত। ছাত্ররাজনীতি হওয়া উচিত আদর্শ, শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশের অন্যতম মাধ্যম। সততা, নিষ্ঠা এবং জনকল্যাণে কাজ করার মানসিকতা নিয়ে ছাত্রদলের সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। এককথায় ছাত্রদলকে মেধাবীদের সংগঠন হতে হবে বলে এমপি সরোয়ার আলমগীর মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ছাত্রদলের কাজ থানার ওসিকে ফুল দেওয়া নয়, বরং শিক্ষার্থীদের অধিকার আদায় করা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে অবস্থান নেওয়া।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে যে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন, তা ছাত্রদলকে তুলে ধরতে হবে জানিয়ে এমপি সরোয়ার আলমগীর বলেন, সমৃদ্ধ ফটিকছড়ি বিনির্মাণে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সাক্ষাৎ শেষে ছাত্রদলের নেতারা এমপি সরোয়ার আলমগীরের দিকনির্দেশনা ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রবীণ নেতা আহম্মদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, বিএনপি নেতা নাসির উদ্দিন, জুয়েল চক্রবর্তী, সাইফু উদ্দিন, মোজাহারুল ইকবাল লাভলু, শামীম আলমগীর রুবেল এবং নজিবুল করিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে ছাত্রদলের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবনির্বাচিত সহসভাপতি ও ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহিন উদ্দিন, ছাত্রদল নেতা আব্দুল কাদের, যুগ্ম সম্পাদক মীর আলী আকবর, ছালে আকবর জাবেদ, সহসাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, নুরু উদ্দীন, সহসাংগঠনিক সম্পাদক আবু জাহেদ, জাসেদুল আলম রনি, নাজিম উদ্দীন, আফাজ উদ্দিন সবুজ, মো. আরিফ, মো. তাহসিন (ডেভিড), মো. ইউসুফ, সহতথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ফয়সাল বিন আজাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. পারভেজ, ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. মানিক, সহসামাজিক বিষয়ক সম্পাদক মো. খোরশেদ, সহপ্রচার বিষয়ক সম্পাদক মো. জিয়া উদ্দিন, সহকৃষি বিষয়ক সম্পাদক শওকত আলী, সহপাঠাগার বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন এবং সদস্য সাকিব কাউসার, মাহাসুম জনি, সাকিব উদ্দিন, মাসুম উদ্দিন ও মো. আকিবসহ ফটিকছড়ি উপজেলার অসংখ্য নেতা-কর্মী।