
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ফটিকছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানা যুব বিভাগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে বিবিরহাট বাস স্টেশন এলাকায় আয়োজিত মানববন্ধনে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
থানা যুব বিভাগের সভাপতি নাবীর হোসেন মাসুদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সাইরান কাদের চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উত্তর জেলা যুব বিভাগের সেক্রেটারি মুহাম্মদ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব বিভাগের দায়িত্বশীল ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আলমগীর মুহাম্মদ ইউনুছ।
বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষের সচেতনতা ও অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন থানা যুব বিভাগের সেক্রেটারি বায়াজিদ হাসান মুরাদ, সহসভাপতি জিয়া উদ্দিন সম্রাট, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেজাউল করিম, অর্থ সম্পাদক রাফিউল আলম, সহসভাপতি নুরুল আনোয়ার, জয়নাল আবেদীন, নূর নবী, মুহাম্মদ আযাদ, সাইফুল ইসলাম, আইয়ূব অভি, সালাউদ্দিন, সেলিম উদ্দিন এবং বদিউল আলমসহ থানা ও স্থানীয় যুব বিভাগের নেতা-কর্মীরা।
মানববন্ধন শেষে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
