
চট্টগ্রামের হাটহাজারীতে খেলনা রিভলভার ও দেশীয় ধারালো অস্ত্রসহ চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
শনিবার (২৭ জুন) বিকালের দিকে হাটহাজারী মডেল থানা-পুলিশ কর্তৃপক্ষ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। এর আগে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলম কোম্পানির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন—নতুনপাড়া এলাকার বাসিন্দা মো. আরিফুল হক প্রকাশ বাদশাহ, মো. হাসান মুরাদ, ওয়াহিদুজ্জামান রাকিব এবং আমান বাজার এলাকার বাসিন্দা মো. ফয়সাল ইসলাম প্রকাশ জাহেদ (জিহাদ)।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের আশপাশের এলাকায় পোশাকশ্রমিক ও পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা ওই চারজনকে ধাওয়া করে।
পালানোর চেষ্টাকালে এলাকাবাসী তাঁদের পেছনে ধাওয়া দিয়ে নতুনপাড়া এলাকার একটি বাড়ি থেকে আটক করেন।
এ সময় তাঁদের কাছ থেকে একটি খেলনা রিভলভার, একটি রামদা, দুটি ছুরি এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
এদিকে উত্তেজিত জনতা আটক চারজনকে মারধর করছে, এমন খবর পেয়ে হাটহাজারী মডেল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পুলিশ উদ্ধার হওয়া অস্ত্র জব্দ এবং আটক চার ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, ওই চার আসামিকে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
