চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২


কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক।

রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়া-পেকুয়া মগনামা বানৌজা শেখ হাসিনা সড়কের বরইতলী ইউনিয়ন অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মোহাজের পাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে মাহবুব আলম (২৮) এবং একই এলাকার মৃত কামাল হোসেনের ছেলে রাসেল উদ্দিন শুক্কুর (২৫)।

আহত যুবকের নাম মোহাম্মদ শাহেদ (২৫)। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, রোববার সকালে মাহবুব আলম, রাসেল উদ্দিন শুক্কুর ও মোহাম্মদ শাহেদ একটি মোটরসাইকেলে করে চকরিয়ার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মাহবুব আলম এবং পেছনে বসেছিলেন মোহাম্মদ শাহেদ ও রাসেল উদ্দিন শুক্কুর। তাঁদের বহনকারী মোটরসাইকেলটি মগনামা বানৌজা শেখ হাসিনা সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে খাদে পড়ে যায় এবং তিন আরোহী গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহবুব আলম ও রাসেল উদ্দিন শুক্কুরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মোহাম্মদ শাহেদকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও মাইক্রোবাস জব্দ করেছে।

তিনি আরও জানান, নিহত মাহবুব আলম ও রাসেল উদ্দিন শুক্কুরের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।