
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেয়াকোতে ট্রাক ও মিনি ট্রাক মালিক সমবায় সমিতির উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো বাজারে সমিতির কার্যালয়ে এ চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর। উপজেলা সমবায় কর্মকর্তা এম এ শহিদ ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সভাপতি নাজিম উদ্দীন শাহিন, বিএনপি নেতা আবুল খায়র, ভূজপুর থানা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন, ট্রাক ও মিনি ট্রাক মালিক সমবায় সমিতির সভাপতি নুরুল আফসার, সাধারণ সম্পাদক মো. নাছির, ট্রাক শ্রমিক সমিতির সভাপতি কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সরওয়ার আলমগীর জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। প্রতিটি পরিবার যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করে, তাহলে দেশ আরও সবুজ ও বাসযোগ্য হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, সরকারের পাশাপাশি সামাজিক সংগঠন ও সমবায় সমিতিগুলোকেও পরিবেশ রক্ষায় এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখতে হবে।
শুধু চারা বিতরণ করলেই দায়িত্ব শেষ হয় না উল্লেখ করে সরওয়ার আলমগীর জানান, চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যা করতে হবে। তাহলেই এই উদ্যোগের প্রকৃত সুফল পাওয়া যাবে এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
সভা শেষে প্রত্যেক সদস্যের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।
