দীঘিনালায় জালের ফাঁদে আটকা পড়ল বার্মিজ পাইথন


খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে বার্মিজ পাইথন প্রজাতির একটি অজগর উদ্ধার করা হয়েছে। এর বৈজ্ঞানিক নাম ‘পাইথন বিভিটাটাস’।

সোমবার (২৯ জুন) সকালে উপজেলার উত্তর হাচিনসনপুর এলাকার নালায় স্থানীয় কৃষক জামাল উদ্দিনের মাছ ধরার জালে আটকা পড়ে অজগরটি। পরে স্থানীয়রা উদ্ধার করে অজগরটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

স্থানীয়রা জানান, নালায় মাছ ধরার জন্য জাল পেতেছিলেন স্থানীয় কৃষক জামাল উদ্দিন। সকালে গিয়ে তিনি দেখতে পান, তাঁর মাছ ধরার জালে বিশাল একটি সাপ আটকে আছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। পরে এলাকাবাসী সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বন বিভাগকে খবর দেন।

মেরুং রেঞ্জের ডেপুটি কর্মকর্তা জাফর উল্লাহ জানান, খবর পেয়ে তাঁরা সাপটিকে উদ্ধার করতে এসেছেন। ৮ ফুট দৈর্ঘ্যের ও ৭ কেজি ৮০০ গ্রাম ওজনের এই সাপটি খাবারের খোঁজে লোকালয়ে চলে এসেছে বলে তিনি উল্লেখ করেন। সাপটিকে উদ্ধার করে নিরাপদ বনে অবমুক্ত করা হবে বলেও জানান বন কর্মকর্তা জাফর উল্লাহ।

নেচার কনজারভেশন অ্যালায়েন্স বাংলাদেশের সংগঠক হৃদয় বড়ুয়া জানান, খাগড়াছড়িতে লোকালয় থেকে এই প্রথমবার বার্মিজ পাইথন উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম বিভাগে এর উপস্থিতি রয়েছে। এটি সম্পূর্ণ নির্বিষ সাপ এবং এই সাপ পরিবেশের ভারসাম্য রক্ষা করে বলে হৃদয় বড়ুয়া উল্লেখ করেন।