‘আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বেশি গাছ লাগাতে হবে’


আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বেশি বেশি গাছ লাগানোর তাগিদ দিয়েছেন ফটিকছড়ির নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও সাংবাদিক এস এম আক্কাছ।

সোমবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার দায়িত্ব সবার। জ্ঞান-বিজ্ঞানের চর্চা ও যুক্তিনির্ভর বিতর্কের মাধ্যমেই শিক্ষার্থীরা আগামী দিনে দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে উঠবে।

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি বৃক্ষরোপণ, দেয়ালিকা উন্মোচন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

‘জলবায়ু পরিবর্তনে সচেতনতাই পারে পৃথিবীকে নিরাপদ রাখতে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় দশম শ্রেণির দল চ্যাম্পিয়ন এবং নবম শ্রেণির দল রানার্সআপ হয়। চুলচেরা বিশ্লেষণ শেষে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন বিপক্ষ দলের দশম শ্রেণির শিক্ষার্থী ফাইরুজ আকতার।

বিতর্কে বিজয়ী বিপক্ষ দলের অন্য সদস্যরা ছিলেন আফরিন জাহান ও জান্নাতুল মাওয়া। অন্যদিকে রানার্সআপ হওয়া পক্ষ দলের সদস্যরা হলেন নোভায়রা সুলতানা, উম্মে নানজিবা ও নুর জাহান আলো।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরীর সভাপতিত্বে প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জ্যেষ্ঠ শিক্ষক জাহানারা বেগম ও জান্নাতুল নাঈম।

শিক্ষক তিলক কুমার বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষক সৈয়দ পারভেজ সোবহান, মো. মোরশেদ উদ্দিন, মো. মজিদুল ইসলাম ও মো. মহিম উদ্দিন। শেষে অতিথি ও বিচারকমণ্ডলী বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন।