পটিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর নামে গাছের চারা রোপণ


চট্টগ্রামের পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার সকালে ঢাকায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এরই ধারাবাহিকতায় পটিয়ার ওই বিদ্যালয়ে সেমিনার, শোভাযাত্রা, দেয়ালিকা প্রকাশ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে একটি আমগাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান। তিনি নিজের নামে একটি নারকেল গাছের চারা রোপণ করেন। পাশাপাশি অন্য অতিথিরাও নিজেদের নামে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক এটিএম তোহা। জ্যেষ্ঠ শিক্ষক নুরুল আবছারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপেন কান্তি দেব, পটিয়া ক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক এবং প্রাক্তন শিক্ষার্থী মিসকাত আহমদ ও আবদুল বারেক।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারহানুর রহমান বলেন, শুধু গাছ লাগালেই হবে না, এর পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে তিনি সরকারি-বেসরকারি দপ্তরসহ সবাইকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তা বড় করে তোলার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।

সেমিনার শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয় এবং দেয়ালিকা উন্মোচন করা হয়।