
চট্টগ্রামের বাঁশখালী ও পেকুয়া উপজেলার মধ্যবর্তী জলকদর খালের ওপর স্থায়ী সেতু নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর একটি প্রতিনিধি দল।
সোমবার (২৯ জুন) পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহর নেতৃত্বে প্রতিনিধি দলটি বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের খয়রাতি ঘাট এলাকা পরিদর্শন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনায় তারা এই স্থান পরিদর্শনে যান বলে জানানো হয়।
পরিদর্শনকালে পেকুয়া সদর পশ্চিম জোন বিএনপির সভাপতি এম শাহনেওয়াজ আজাদ, উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, রাজাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল বাশারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জানান, ছনুয়া ও রাজাখালী ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘবে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় এই পরিদর্শন করা হয়েছে। সরেজমিন যাচাই করে সাধারণ মানুষের যাতায়াতের জন্য সবচেয়ে সুবিধাজনক স্থানেই সেতুটি নির্মাণ করা হবে।
সেতু নির্মাণের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন ছনুয়া উন্নয়ন পরিষদের সভাপতি লায়ন মো. আমিরুল হক এমরুল কায়েস। তিনি জানান, এই স্থানে একটি সেতু স্থাপনের জন্য তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছেন এবং প্রাথমিক পদক্ষেপ হিসেবে নিজ উদ্যোগে একটি সাঁকোও নির্মাণ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ছনুয়া ইউনিয়নের খয়রাতি ঘাট ও রাজাখালী ইউনিয়নের মাতব্বরপাড়া এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আইডিভুক্ত সড়ক রয়েছে। একটি পক্ষ ছনুয়া ছেলবন ও রাজাখালীর ভাঙাখালী এলাকায় সেতু স্থাপনের দাবি জানালেও সেখানে এলজিইডির কোনো সড়ক নেই। ফলে খয়রাতি ঘাট এলাকায় সেতু নির্মাণ করা হলে যাতায়াত ও অবকাঠামোগত কোনো আইনি জটিলতা থাকবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
