
চট্টগ্রামের পটিয়ায় চাঁদা না পেয়ে মো. মামুন সিকদার (৫০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার ছনহরা ইউনিয়নের কিরিঞ্জা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত মামুন ছনহরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, মামুন আনোয়ারা খাল থেকে নৌকায় করে বালু এনে ছনহরা এলাকায় ব্যবসা করেন। সোমবার দুপুরে বালুভর্তি একটি নৌকা নিয়ে আসার পর আশিয়া এলাকার মো. সোহেল নামে এক ব্যক্তি তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন।
মামুন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোহেল ও তাঁর সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগে বলা হয়েছে।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।
আহত মামুন সিকদার জানান, বৈধভাবে বালুর ব্যবসা করার পরও তাঁর কাছে চাঁদা দাবি করা হয়েছে এবং চাঁদা না দেওয়ায় এই হামলা হয়েছে। তিনি বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য এনামুল হকের দৃষ্টি আকর্ষণ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, মারধরের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
