
ঋণখেলাপির দায়ে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের বিষয়টি জাতীয় সংসদে তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. নাজিবুর রহমান।
মঙ্গলবার (৩০ জুন) সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রসঙ্গের অবতারণা করেন।
এর আগে গত ১৮ জুন সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছিলেন, ‘ঋণখেলাপিদের এই সংসদে’ দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। তার ওই বক্তব্যকে কেন্দ্র করে সংসদে বিতর্ক সৃষ্টি হয়েছিল।
সেই প্রসঙ্গের উল্লেখ করে নাজিবুর রহমান বলেন, “কয়েক দিন আগে আমাদের একজন সংসদ সদস্য আপনার (স্পিকার) কাছে জানতে চেয়েছিলেন, সংসদে কোনো ঋণখেলাপি আছে কি না? তখন আপনি বলেছিলেন, বিচারাধীন বিষয়ে বলতে পারছেন না। আজকে ঋণখেলাপির দায়ে একজন ব্যক্তির মনোনয়ন বাতিল হয়েছে। এখন কি বলতে পারব, উনি ঋণখেলাপি ছিলেন?”
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “এটা পয়েন্ট অব অর্ডার হলো না। একজন সদস্যের সদস্যপদ থাকবে কি থাকবে না, তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। ইসি আদালতের নির্দেশনায় আদেশ জারি করলে এ ব্যাপারে আমি আপনাদের জানাতে পারব। তাই ইসির চূড়ান্ত আদেশের জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে।”
এরপর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা সেদিন বলেছিলাম, এ সংসদে কোনো ঋণখেলাপি সদস্য নেই, ঋণগ্রস্ত থাকতে পারেন। উনি (নাজিবুর রহমান) যে প্রসঙ্গটা তুললেন, এটা আদালতে ফয়সালা হয়ে গেছে। কিন্তু উনি (আসলাম চৌধুরী) তো সংসদ সদস্যের শপথ নিয়ে এখানে আসেননি। তিনি সংসদ সদস্য নন।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “তার প্রার্থিতা চ্যালেঞ্জ হয়েছে, উচ্চ আদালত রায় দিয়েছে। এটাই শেষ। তিনি সংসদ সদস্য থাকলে এ কথা বলা যেত। এটা কোনো পয়েন্ট অব অর্ডার নয়।”
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর স্পিকার বলেন, “পয়েন্ট অব অর্ডারের বিষয়ে আমাকে সিদ্ধান্ত নিতে দিন। তবে তিনি (আসলাম চৌধুরী) যে সংসদ সদস্য নন, আপনার এই ব্যাখ্যা ঠিক আছে।”
