
পবিত্র কালিমার পতাকাকে ঢাল হিসেবে ব্যবহার করে দেশে জঙ্গি তৎপরতা ও অরাজকতা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে ‘বাংলাদেশ দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটি’।
এ ধরনের অপতৎপরতার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (৩০ জুন) সংগঠনের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সদরুল আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে সংগঠনের চেয়ারম্যান শাহ মোহাম্মদ তৌহিদুল কাদের চৌধুরী ও মহাসচিব শাহ মোহাম্মদ জাকির হোসেন ছোবহানীর বরাত দিয়ে এসব কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কালিমার পতাকাকে ব্যবহার করে বিতর্কিত অপচেষ্টা চলছে। এসব ঘটনাকে তরুণ সমাজের ‘স্বতঃস্ফূর্ত’ বহিঃপ্রকাশ বলা হলেও প্রকৃতপক্ষে এর আড়ালে একটি চিহ্নিত জঙ্গি গোষ্ঠী তাদের নিজস্ব গোপন এজেন্ডা ও নাশকতামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।
মাজার সমন্বয় কমিটির নেতারা বলছেন, বর্তমানে কালিমার পতাকার নামে মাঠে যা চলছে, তা কোনোভাবেই ধর্মের প্রকৃত অনুশাসন নয়। সাধারণ মানুষের আবেগ ও ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে উগ্রবাদীরা নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করছে। এ বিষয়ে নীরব থাকার সুযোগ নিয়ে গোষ্ঠীটি তাদের মূল লক্ষ্য হাসিলের চেষ্টা করছে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়।
ধর্মীয় আবেগকে ঢাল হিসেবে ব্যবহার করে সৃষ্ট এ ধরনের অরাজকতা কখনোই সমর্থনযোগ্য নয় উল্লেখ করে সংগঠনটি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে।
একইসঙ্গে কালিমার পতাকার দোহাই দিয়ে যারা অস্থিতিশীলতা সৃষ্টি করছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
