
চট্টগ্রামের সাতকানিয়ায় এনায়েত আলী ফকির (৪৬) নামে এক ব্যক্তিকে গুলি ও কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমিলাইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত এনায়েত আলী ওই এলাকার মৃত উকিল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রাতে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁত পেতে থাকা ব্যক্তিরা এনায়েত আলীকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে রাতেই তাকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার (৩০ জুন) দুপুর ২টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক।
আহত ব্যক্তির পরিবারের দাবি, দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য রায়হান রনি (৪০) নামে একজনকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, “ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। হামলার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
