
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় তরুণ প্রজন্মকে সচেতন করতে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) দৃষ্টি চট্টগ্রাম এবং ইপসার (YPSA) যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে সুইজারল্যান্ড দূতাবাস, ‘সলিডার সুইস’ এবং ‘কল’ (CALL) প্রকল্প।
অনুষ্ঠানের মূল আকর্ষণ বিশেষ প্রদর্শনী বিতর্কে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং ক্লাব ও প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের শিক্ষার্থীরা অংশ নেন। তারা জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের করণীয় নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন। পাশাপাশি কুইজ প্রতিযোগিতায় চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ জমির উদ্দীন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বৃজেট ডায়েস, দৃষ্টি চট্টগ্রামের সাবেক সভাপতি কসশাফুল হক শেহজাদ এবং ইপসার হেড অব অ্যাডভোকেসি মোহাম্মদ আলী শাহিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু সংকটের কারণে বিশ্ব এক কঠিন সময় পার করছে। এই সংকট মোকাবিলায় এবং স্থানীয় পর্যায়ে ক্ষতিকর প্রভাব রোধে তরুণদের এগিয়ে আসতে হবে।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান শামসুদ্দীন ইলিয়াস বলেন, জলবায়ু সংকট কোনো কাল্পনিক বিষয় নয়। নদীভাঙন, তীব্র তাপপ্রবাহ ও জীববৈচিত্র্যের ক্ষতিই তার প্রমাণ। পরিবেশগত এই বিপর্যয় রুখতে তরুণদের আরও সোচ্চার হতে হবে।
সভাপতির বক্তব্যে মাসুদ বকুল বলেন, দৃষ্টি চট্টগ্রাম ৩৩ বছর ধরে তরুণ প্রজন্মকে সাথে নিয়ে মেধা বিকাশ ও সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করছে। চট্টগ্রামের তরুণদের হাত ধরেই জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ইয়াসীর সিলমী, দৃষ্টি চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক বনকুসুম বড়ুয়া, নিউজনাউ২৪-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান পার্থ প্রতীম নন্দী, ডিবিসি টেলিভিশনের প্রতিবেদক মুজিবুল হক, দৃষ্টি চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী মুন্না মজুমদার ও যুগ্ম সমন্বয়কারী রিদোয়ান আলম আদনান।
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
