
চট্টগ্রামের সদরঘাটে কর্ণফুলী নদীতে নোঙর করা একটি মাছ ধরার নৌযানে (ফিশিং ভেসেল) অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় নাবিক দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) বেলা পৌনে ১টার দিকে নৌযানটির ইঞ্জিন কক্ষে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর এই আগুনের সূত্রপাত হয়। দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকি তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
সদরঘাট নৌ থানা সূত্র জানায়, ‘এফভি দেশ’ নামের নৌযানটি সোমবার (২৯ জুন) বেলা ২টার দিকে কর্ণফুলী নদীর সদরঘাটের সাম্পানঘাট এলাকায় মুরিং বয়ায় নোঙর করে। মঙ্গলবার দুপুরে হঠাৎ ইঞ্জিন কক্ষে বিস্ফোরণ ও আগুন ধরে যায়। এতে নৌযানের প্রকৌশলী আশিকুজ্জামান তামিম (২২) এবং নাবিক মো. রুবেল (৩২), শাহ আলম (৪০), নিজাম উদ্দিন (৩৭), মো. রাসেল (৩৫) ও ছিদ্দিক আহমেদ (৫০) দগ্ধ হন।
ঘটনার পর আহত সাত নাবিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে একজন ফিরে যান এবং বাকি ছয়জনকে ভর্তি করা হয়।
চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার লিটন কুমার পালিত জানান, দগ্ধদের মধ্যে প্রকৌশলী আশিকুজ্জামান, নাবিক রুবেল ও শাহ আলমের শরীর ও শ্বাসনালির ১০০% পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া নাবিক নিজাম, রাসেল ও ছিদ্দিকের শরীরের ২ থেকে ৫% পুড়েছে। তাদের চিকিৎসা চলছে।
