
চট্টগ্রামের পটিয়ায় ‘চাঁদা না পেয়ে বিএনপি নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন অভিযুক্ত মোহাম্মদ সোহেলের বড় ভাই মুহাম্মদ মোকাম্মেল হক তালুকদার।
মঙ্গলবার এক লিখিত বার্তায় তিনি দাবি করেন, তার ভাই সোহেল দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ও সুইচগেট প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজার ও দারোয়ানের সঙ্গে আহত মামুন সিকদারের বিভিন্ন সময় বাকবিতণ্ডা হয়েছে। উল্টো মামুন সিকদারই তাদের কাছে চাঁদা দাবি করতেন বলে তিনি অভিযোগ করেন।
মুহাম্মদ মোকাম্মেল হক তালুকদার আরও দাবি করেন, সোমবার ঘটনার দিন মামুন সিকদারের সঙ্গে স্থানীয়দের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে সিএনজি অটোরিকশা উল্টে তিনি আহত হন। এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তার ভাইয়ের বিরুদ্ধে চাঁদা দাবির ‘ভিত্তিহীন’ অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার ভাই সোহেল কয়েক দিন ধরে অসুস্থ রয়েছেন এবং এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিবেদকের বক্তব্য
থানায় দায়ের করা লিখিত অভিযোগ ও ভুক্তভোগীর বক্তব্যের ভিত্তিতে সংবাদটি প্রকাশ করা হয়েছে। বিষয়টি বর্তমানে পুলিশ তদন্ত করছে। এছাড়া অভিযুক্ত সোহেলের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
