সাতকানিয়ায় খেলতে গিয়ে আহত স্কুলছাত্রের মৃত্যু


চট্টগ্রামের সাতকানিয়ায় খেলতে গিয়ে আহত হওয়ার চার দিন পর মোহাম্মদ এনায়েত উল্লাহ নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এনায়েত সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্র জানায়, কয়েক দিন আগে বন্ধুদের সঙ্গে খেলার সময় এনায়েত গুরুতর আহত হয়। প্রথমে তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শয্যা খালি না থাকায় তাকে নগরের পার্কভিউ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, এনায়েতের চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে সম্ভব ছিল না। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের আর্থিক সহায়তায় তার চিকিৎসা চলছিল।

বুধবার বাদ আসর সাতকানিয়া শাহী জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।