
কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে এক মাদরাসা সুপারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছেন বাড়ির মালিকের ছেলে দিদারুল হক (২৪)।
বুধবার (১ জুলাই) ভোররাত সাড়ে ৩টার দিকে সাহারবিল ইউনিয়নের রামপুর কাজলীবাপের চর এলাকার বাসিন্দা মাওলানা আবদুল মোমেন হেলালীর বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ঢেমুশিয়া মুহছেনিয়া দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট।
আহত দিদারুল হক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
পারিবারিক সূত্র জানায়, মাদরাসার কাজে আবদুল মোমেন ঢাকায় অবস্থান করছিলেন। বুধবার ভোররাতে একদল ডাকাত তাদের বাড়িতে হানা দেয়। তারা আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। এ সময় দিদারুল হক এক ডাকাতকে ধরে ফেলেন। তখন ডাকাত দলের অন্য সদস্যরা তাকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আবদুল মোমেনের মেয়ে দশম শ্রেণির শিক্ষার্থী রেখা মনি জানান, তার বাবা অফিসের কাজে ঢাকায় ছিলেন। রাতে তারা ঘুমিয়ে পড়ার পর ডাকাত দল বাড়িতে ঢোকে। তারা আলমারিতে থাকা বিপুল পরিমাণ স্বর্ণালংকার এবং তার মা-বাবার হজে যাওয়ার জন্য রাখা ৮ থেকে ১০ লাখ টাকা লুট করে নিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তার ভাই দিদারুল হক একজনকে ধরে ফেললে ডাকাতরা তাকে কুপিয়ে জখম করে।
এ বিষয়ে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ জানান, খবর পেয়ে বুধবার সকালে চকরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের সাথে কথা বলে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।
