রফিক বিন চৌধুরী ছিলেন ‘রাজনীতির কৃষক’: স্মরণসভায় হুমাম কাদের


প্রয়াত রাজনীতিক কে.কে.এম রফিক বিন চৌধুরীকে ‘রাজনীতির কৃষক’ বলে মন্তব্য করেছেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

বুধবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক স্মরণসভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হুমাম কাদের চৌধুরী বলেন, একজন কৃষক যেমন ধৈর্যের সঙ্গে চারাগাছের পরিচর্যা করেন, তেমনি রফিক বিন চৌধুরী মানুষের হৃদয়ে ভালোবাসা ও আস্থার চারা রোপণ করেছিলেন।

বাবার মৃত্যুর পর নিজের রাজনৈতিক জীবনের কঠিন সময়ে রফিক বিন চৌধুরীর অবদানের কথা স্মরণ করেন হুমাম কাদের চৌধুরী। তিনি জানান, সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুর পর তিনি যখন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তখন রফিক বিন চৌধুরী তাকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়ে রাজনীতিতে সক্রিয় হতে সহায়তা করেছিলেন।

রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক মউদুদ ইলাহী এবং শিক্ষক পরিষদের সম্পাদক আবু মহসিন মো. মঞ্জুরুল কাদের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপিকা পুষ্প বড়ুয়া, আবু মহসিন মো. মঞ্জুরুল কাদের এবং শরফুদ্দীন মাহমুদ চৌধুরী।

স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আনোয়ার সাঈদ, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান, কলেজ গভর্নিং বডির সভাপতি কে.আর.এম পেয়ার উদ্দিন মাহমুদ চৌধুরী, প্রতিষ্ঠাতা চৌধুরী মোহাং আবু হোসেন ইবনে হাশ, প্রতিষ্ঠাতা সদস্য জিয়া উদ্দিন মাহমুদ চৌধুরী এবং দাতা সদস্য নাজিম উদ্দিন চৌধুরী।

গভর্নিং বডির সদস্যদের মধ্যে মাউশি প্রতিনিধি ইউছুপ চৌধুরী, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুহাম্মদ খোরশেদুল হক চৌধুরী রিবেল, বোর্ড প্রতিনিধি আজিজুল ইসলাম এবং অভিভাবক সদস্য হোসেন আলী, আব্দুল মান্নান রনি ও খোরশেদ আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক ইউনুচ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আজম খান, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল আমিন, সাবেক উপজেলা বিএনপি সভাপতি নবাব মিয়া চৌধুরী, কে.কে.এম রফিক বিন চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী এবং সমাজসেবক খালেদ বিন আব্দুল কাদের।

এছাড়া রানীরহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নজরুল ইসলাম আলকাদেরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল তালুকদার, অর্থ সম্পাদক শাহেদ কামাল তালুকদার, ব্যবসায়ী নেতা জাহেদুল আলম চৌধুরী, শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ একরাম এবং সহকারী অধ্যাপক শান্তি জ্যোতি বড়ুয়া স্মরণসভায় অংশ নেন।

অনুষ্ঠানে রাজানগর আর.এ.বি.এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত আব্দুর রশিদ, সহকারী শিক্ষক প্রয়াত সিরাজুল ইসলাম তালুকদার এবং স্থানীয় চিকিৎসক সুবোধ দেওয়ানজীকে মরণোত্তর ও সম্মাননা প্রদান করা হয়। এছাড়া সহকারী শিক্ষক মুহাম্মদ আবুল বশর তালুকদার এবং কলেজের সাবেক অধ্যাপক দানু মিয়াকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

কলেজের শিক্ষার্থী এবং ইছামতী আবৃত্তি চর্চা কেন্দ্রের সদস্যদের কবিতা আবৃত্তির মধ্য দিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে রফিক বিন চৌধুরীর জীবন ও কর্মভিত্তিক স্মরণিকা ‘মহীয়ান’ এর মোড়ক উন্মোচন করা হয়। সবশেষে প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষ থেকে জিয়া উদ্দিন মাহমুদ চৌধুরীর হাতে রফিক বিন চৌধুরীর প্রতি শ্রদ্ধাঞ্জলি তুলে দেওয়া হয়।