
চট্টগ্রামের সাতকানিয়ায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কেরানীহাটকে সিসিটিভি নজরদারির আওতায় এনেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে সাতকানিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি শাহজাহান চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সামসুজ্জামান এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকা কেরানীহাটের বিভিন্ন পয়েন্টে এসব সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে, যা অপরাধ প্রতিরোধের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ব্যবস্থা নিতে সহায়তা করবে।
স্থানীয়রা জানান, কেরানীহাট বান্দরবান জেলার প্রবেশদ্বার ও একটি গুরুত্বপূর্ণ ত্রিমুখী সড়ক জংশন হওয়ায় প্রতিদিন সেখানে হাজারো মানুষের যাতায়াত রয়েছে। এলাকায় একাধিক শপিং মল, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকায় মানুষের ব্যাপক উপস্থিতির সুযোগে দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ ঘটছে।
গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমস্থলে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সহজ হবে। এতে অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে আসার পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
