বাঁশখালীতে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত ছেলের এক বছরের কারাদণ্ড


চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদকাসক্ত এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাতে উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও নয়াদিঘীর পাড় এলাকায় এ অভিযান চালানো হয়।

দণ্ডিত মো. কামাল উদ্দিন (৪৪) ওই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের সহায়তায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মো. কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশাগ্রস্ত অবস্থায় তিনি নিয়মিত পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। অভিযানের সময় দেখা যায়, তিনি তাঁর ৮০ বছর বয়সী মাকে মারধর করে মাটিতে ফেলে রেখেছেন। এছাড়া নেশাগ্রস্ত অবস্থায় নিজের মেয়ের সঙ্গেও তিনি অপ্রীতিকর আচরণ করতেন।

বাবার এমন আচরণের কারণে মাতৃহীনা মেয়েটির স্বাভাবিক জীবনযাপন ও লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল বলে জানা যায়।

অভিযান চলাকালে ওই বৃদ্ধা মা ও মেয়ে মো. কামাল উদ্দিনের দীর্ঘদিনের নির্যাতনের বর্ণনা দেন। এ সময় তাঁর বসতঘর থেকে মাদক সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

এসব অভিযোগের সত্যতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট আইনে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

মাদক, জুয়া ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।