
পার্শ্ববর্তী দেশ থেকে একটি পুশ-ইন চেষ্টাও সফল হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন খাগড়াছড়ির দীঘিনালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বাবুছড়া ব্যাটালিয়নের (৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার দুর্গম বাবুছড়া ইউনিয়নের ধনপাতা এলাকায় আয়োজিত এক জনসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে। চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধে তিনি স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন।
তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তায় বিজিবি নিয়মিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে এবং ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
আলোচনা সভা শেষে তিনি স্থানীয় শিশু-কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
পরে বাবুছড়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে এলাকার শতাধিক পরিবারের সদস্যকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
দীঘিনালা প্রতিনিধি জাকির হোসেন জানান, দুর্গম এলাকায় এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করায় স্থানীয় বাসিন্দারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এদিনের কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সাধারণ মানুষ অংশ নেন।
